নওগাঁর ধামইরহাটে ৫ চিকিৎসকের মধ্যে ৪ জনই বদলি, স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন চিকিৎসকের মধ্যে চারজনের বদলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একসঙ্গে চার চিকিৎসক বদলি হয়ে যাওয়ায় উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বদলি হওয়া চিকিৎসকরা হলেন—ডা. ইসরাত জাহান প্রীতি, ডা. সুরাইয়া খাতুন, ডা. আমেনা ও ডা. আশিকুর রহমান।
এদিকে, চার চিকিৎসকের একযোগে বদলির ঘটনায় আর্থিক লেনদেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, মাত্র পাঁচজন চিকিৎসকের ওপর নির্ভরশীল এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজন চিকিৎসক বদলি হয়ে গেলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে । এতে বিশেষ করে প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা বেশি ভোগান্তিতে পড়বেন।
এ ঘটনায় বদলির নেপথ্যের কারণ এবং ওঠা অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন, গোলাম মোস্তফা, আরব আলী ও মনছুর রহমান বলেন, ধামইরহাট উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন চিকিৎসক নিয়োগ দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।
এ অবস্থায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক পদায়ন এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আরিফ হাসান বলেন, ‘একসঙ্গে চারজন চিকিৎসক বদলি হওয়ায় কিছুটা চিকিৎসক সংকট তৈরি হতে পারে।’
নওগাঁর সিভিল সার্জন মো. আমিনুর রহমান বলেন, ‘ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বদলি করা হয়েছে। অতি দ্রুত সেখানে নতুন চিকিৎসক পদায়ন করা হবে।’