গণঅধীকারের সদস্যপদ হারালেন জসিম

গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, মো. আ. জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া উত্থাপিত অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে। তাঁর বক্তব্য পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আ. জসিম উদ্দিন। ওই নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। আর মো. আ. জসিম উদ্দিন ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।
কয়েকদিন পুর্বে জসিম উদ্দিন জনৈক ব্যাক্তিকে দলীয় প্রভাবে টাকার বিনিময়ে চাকুরী প্রদান বিষয়ক একটি কল রেকর্ড ফাশ হয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এ ব্যাপারে জসিম উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট বিষয়বস্তু এবং এ বিষয়ে তাঁর বক্তব্য নোটিশে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।