গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী তাকে বলেন, বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলে আনতে হবে বলে ডাকে নিয়ে যায় । পরে মা-ছেলে দুজন বাড়ির বাইরে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন।
বিষয়টি নিশ্চিত করে মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মা-ছেলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।
এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল বলেন, বজ্রপাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ওই পরিবারে শোকের মাতম চলছে। এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠেছে।
ভোরের আকাশ/এম