চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। এ সময় চাকসু নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর এবং চলবে ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। যাচাই-বাছাই শেষে ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে শুরু হবে ভোট গণনা।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর আয়োজিত সে নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক (জিএস) হন আজিম উদ্দীন।
ভোরের আকাশ/জাআ