সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের

ফরিদপুরের সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাগবাড়িস্থ মসজিদে জানাজা শেষে স্থানীয় মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সালথা থানা-পুলিশ ও ফরিদপুর পুলিশ লাইন্সের একটি দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে অংশ নেয়। এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দেড় বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে বেশির ভাগ সময় বাড়িতেই অবস্থান করতেন। সুস্থ থাকাকালে সালথা সদর বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ বিদায়ের মধ্য দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা।
ভোরের আকাশ/ এনউব