মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় বাস খাদে

মেহেরপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় একটি লোকাল বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়ে অন্তত ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি উল্টে গেলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজও সম্পন্ন করা হচ্ছে।
মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ আহতই আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ