গাইবান্ধায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণ পাশে) এলাকার আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে পুকুরের পানিতে একজন অপরিচিত ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং পিঠে মাটি লেগে ছিল। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার বলেন, “পুকুরে একটি ভাসমান মরদেহ দেখা গেছে—বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।”
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।”
ভোরের আকাশ/তা.কা