দিনাজপুর আদালতে ৩৩ হাজার পুরনো মামলার নথি ধ্বংস

দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২০ সালের পূর্বের নিষ্পত্তিকৃত ৩৩ হাজার মামলার নথি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আদালত চত্বরে এসব পুরনো নথিপত্র ধ্বংস করা হয়।
দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২০ সালের আগে নিষ্পত্তি হওয়া মামলার নথিগুলো বাছাই করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্ধারিত স্থানে ৩৩ হাজার নিষ্পত্তিকৃত মামলার নথিপত্র পুড়িয়ে ফেলা হয়।
নথি ধ্বংস কার্যক্রম পরিচালনার সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ কবিরসহ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আদালত প্রশাসন জানিয়েছে, নথিপত্র সংরক্ষণের স্থান সংকুলান এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনতেই নির্দিষ্ট সময় পরপর এ ধরনের পুরনো ও নিষ্পত্তিকৃত নথি বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
ভোরের আকাশ/আ.র