লাইসেন্স না থাকায় লোহাগাড়ায় তিন করাতকলকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় বন বিভাগের লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা ও চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ বিন আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আধুনগর বাজার এলাকায় পরিচালিত হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮ হাজার টাকা ও জামাল সমিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এবং চেরা কাঠের যথাযথ হিসাব সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালত এসব আইনানুগ ব্যবস্থা নেয়।
অভিযানের সময় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অভিযানে উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ