একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করেছে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে, বিএনপি সেই রাজনৈতিক দল, যে একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সেই রাজনৈতিক দল, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প উপহার দিয়েছেন।
দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলো পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বিএনপি নতুন করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।
তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্বের সূচনা হবে। এমন নেতৃত্ব গড়ে উঠবে, যারা জনগণকে নতুন দিশা দেখাবে এবং একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠা করবে।
সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্বের সূচনা হবে। এমন নেতৃত্ব গড়ে উঠবে, যারা জনগণকে পথ দেখাবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ