কণ্ঠ নকল করে ৪০ হাজার টাকা আদায়, গ্রেফতার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছেলের কণ্ঠ নকল করে এক বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকার আইদুল হোসেনের ছেলে সোহেল মণ্ডল (২৭) ও হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।
এসআরবি-১৩ জানান, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামকে মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে ছাড়িয়ে আনতে দ্রুত টাকা প্রয়োজন বলে জানানো হয়।
একপর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তামিম আল মাহীর কণ্ঠ নকল করে আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে প্রতারকরা। ছেলের কণ্ঠ শুনে বিষয়টি সত্য মনে করে প্রতারকদের কথায় বিশ্বাস করেন তিনি। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে দুই দফায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান আমিনুল ইসলাম।
টাকা পাঠানোর পর ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। তখন জানতে পারেন, তামিম আল মাহী পুলিশের হাতে আটক হননি এবং পুরো ঘটনাটিই ছিল প্রতারণার কৌশল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর আমিনুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।
মামলার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। পরে প্রতারণা চক্রের মূলহোতা সোহেল মণ্ডল ও তার সহযোগী হেলাল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
এসআরবি-১৩ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব