দিনাজপুরে জমি বিরোধে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দিনাজপুরের পার্বতীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর পার্বতীপুর থানাধীন বেলাইচণ্ডী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নয়ামোরাপাড়া এলাকায় বাড়ি নির্মাণের পারিপার্শ্বিক বিষয়, পারিবারিক রাস্তার জমি ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়। এতে চক সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
নিহত মনোরঞ্জন রায় দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন চক সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়িও ওই এলাকায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ি নির্মাণের খরচ, ইট-খোয়া ও কাঠের হিসাব এবং শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও বিরোধ ছিল। এসব বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ঘটনার দিন বিরোধের একপর্যায়ে মনোরঞ্জন রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে গাছের ডাল ও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পরে রাত আনুমানিক ৪টার দিকে চিরিরবন্দর থানাধীন ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি আলিফুজ্জামান আলী মিয়া (৩৫) ও আসাদুজ্জামান (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র