মানিকগঞ্জে 'পর্যটন সার্কিট' গঠন করবে সরকার: অংশীজন সভায় বক্তারা

সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ ঐতিহাসিক স্থাপনা ও অন্যান্য সম্ভাবনাময় পর্যটন স্থানসমূহকে কাজে লাগিয়ে মানিকগঞ্জে পর্যটন সার্কিট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
মেগা প্রকল্পের আওতায় জেলাভিত্তিক 'পর্যটন সার্কিট' গঠনের কাজ দ্রুত শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে শেষ হবে। মানিকগঞ্জেও গঠন করা হবে 'পর্যটন সার্কিট'। বুধবার (১১নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অংশীজনদের সঙ্গে পরামর্শ সভায় বক্তারা একথা বলেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ও সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও গণসংযোগ) আবু সেলিম মাহমুদ উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ সম্ভাবনাম পর্যটন খাতের বিভিন্ন দিকগুলো তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী ও সাংবাদিক লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাস্তবায়নাধীন জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। এছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন , ঐতিহাসিক স্থাপনা, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও পুরানো ঐতিহ্যের সমন্বয়ে মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত উপস্থাপন করেন।
প্রধান অতিথি বলেন, মেগা প্রকল্পের আওতায় জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠনসহ এই খাতের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে। ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি আলোর মুখ দেখতে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা