শ্রীপুরে ভাড়া বাসা থেকে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে আয়েশা (১৮) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নগর হাওলা গ্রামের ভাড়া বাড়ির ভিতর থেকে ছিটকিনি আটকানো ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়েশা আক্তার সিলেট জেলার দুয়ারা থানার কাঁঠালবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় 'এ এ ইয়ার্ন স্পিনিং মিলে' চাকরি করতেন এবং পরিবারের সদস্যদের সাথে শ্রীপুরের নগর হাওলা গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে এক প্রতিবেশীর জানাজার নামাজে অংশ নিতে আয়েশার বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা বাইরে যান। জানাজা চলাকালীন তারা খবর পান আয়েশা ঘরের ভেতর গলায় দড়ি দিয়েছেন। তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয়রা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু ঘটেছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর নেপথ্যে প্রেমসংক্রান্ত কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
এবিষয়ে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রুমাজুল ইসলাম বলেন, কফিলের বাড়ির ভারাটিয়া আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আত্মহত্যা সময় ওই কিশোরী ভিতর থেকে ছিটকানি লাগিয়ে দেয়, আমি ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর থানা পুলিশকে জানাই, তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর পুলিশ বলতে পারবে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ভোরের আকাশ/আ.র