শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন সহপাঠী ও স্বজনরা।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নিহতের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।
মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তারা বলেন, অনেকদিন হয়ে গেলেও এখনও দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেলকে গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সে পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিল।
এ বিষয়ে সাভার মডেল থানায় জিডি করা হয়। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ভোরের আকাশ/মো.আ.