ক্যামেরা চুরি করে আত্মগোপন, ক্যামেরাসহ গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার ক্যামেরা ও সরঞ্জাম চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মো. রেদুয়ানুল হক (৩১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতঘর থেকে চুরি যাওয়া ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে লোহাগাড়া মোস্তফা সিটি মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকান বন্ধ করে বের হন মালিক বাবলু পাল (৩৭)। পরদিন রাত সাড়ে ১২টার দিকে দোকানে ফিরে তিনি স্লাইডিং গ্লাসের দরজার তালা খোলা দেখতে পান। পরে দোকান থেকে তিনটি সনি α7 III, একটি সনি α7C ক্যামেরা, বিভিন্ন ব্র্যান্ডের লেন্স, ব্যাটারি ও চার্জারসহ মোট ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সরঞ্জাম চুরির বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় বাবলু পাল থানায় অভিযোগ করেন। এর দুই দিন পর, ১২ অক্টোবর রেদুয়ানুল হকের স্ত্রী রেশমী আক্তার তাঁর স্বামীকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দেন।
অভিযোগ দুটি তদন্তে নামে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় দোকান ও আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় রেদুয়ানুল হকের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল হক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরির ঘটনা আড়াল করতে নিজেই আত্মগোপনে গিয়ে স্ত্রীকে দিয়ে অপহরণের অভিযোগ করিয়েছিলেন বলেও জানান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানায় চুরির মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রেদুয়ানুল হককে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা