বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে করণীয় সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ১১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদকের বিস্তার রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাকৃবি প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর ভাইস-চ্যান্সেলরের বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ কামরুল হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনএসআই, ডিজিএফআই, এসআরবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক, ডিন পরিষদ, সকল অনুষদীয় ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, উচ্চ শিক্ষা ও গবেষণার কো-অর্ডিনেটর, রেজিস্ট্রার, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, আহবায়ক, প্রভোস্ট কাউন্সিল, পরিচালক, নিরাপত্তা কাউন্সিল, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, জনসংযোগ ও প্রকাশনা দফতর এর পরিচালক এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি মাদক, চুরি ও ছিনতাইমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে এবং ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে কী কী করণীয় এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/ এনউব