দেওয়ানগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় সোহেল মিয়া বাড়ির বাইরে অবস্থান করছিলেন। ঝড়ের মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহত সোহেল মিয়া নাজিরপুর গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ, নদীপাড় এবং গাছের নিচে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোহেল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন এলাকাবাসী।
ভোরের আকাশ/ র.ই