১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল নিয়ে বিরোধের জেরে আগামী ১ অক্টোবর সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবু মঈন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট সড়কে বাস চলাচল করে আসছে। ২০২৫ সালের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করায় বিরোধের সূত্রপাত হয়। পরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।
তিনি বলেন, চলতি বছরের ১০ মে পূর্ব যোগাযোগ ছাড়াই মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাস আটক করলে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। পরে ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে আগের নিয়মে বাস চলাচলের সিদ্ধান্ত হয়। তবে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত হয়।
এরপর ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটক করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি সমাধানে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সম্মতি হলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটক করা হয়। এর প্রতিবাদে ১ অক্টোবর সকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা চাই, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করুক।’
ভোরের আকাশ/ এনউব