শিবগঞ্জে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান।
মঙ্গলবার দুপুরে এসআরবি-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার মেহেদী হাসান ওমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক সহযোগীর নাম মো. আল-মামুন (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল মঙ্গলবার ভোরে মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের সামনে খড়ি রাখার স্থান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে তিনি হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে ওই এলাকাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে কেনাবেচা করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসান ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা