রায়পুরে চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের রাতভর বিশেষ অভিযানে কৃষক দলের অব্যাহতি পাওয়া নেতা ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী জি এম শামীমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জি এম শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে একজনের বিরুদ্ধে ইয়াবা সেবনের প্রস্তুতির অভিযোগ রয়েছে। বাকিদের বিভিন্ন অভিযোগে প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, পুলিশের রাতভর বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা