অতিরিক্ত চিন্তায়ও হতে পারে বুকে ব্যথা! কখন বুঝবেন এটি হার্ট অ্যাটাক নয়?

অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ ও উদ্বেগ শুধু মনকেই নয়, শরীরকেও প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের দুশ্চিন্তার কারণে অনেক সময় এমন বুকে ব্যথা হতে পারে, যা হার্ট অ্যাটাকের মতো মনে হলেও প্রকৃতপক্ষে হৃদরোগের কারণে নাও হতে পারে।
চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত মানসিক চাপ শরীরে 'ফাইট অর ফ্লাইট' প্রতিক্রিয়া সক্রিয় করে। এ সময় অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, বুকের পেশিকে টানটান করে এবং শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আনে। এর ফলে বুকে চাপ, ব্যথা, ধড়ফড়, শ্বাসকষ্ট কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানান, প্যানিক অ্যাটাক বা তীব্র উদ্বেগে আক্রান্ত অনেকেই এসব লক্ষণকে হার্ট অ্যাটাক বলে মনে করেন। আবার দ্রুত ও অগভীর শ্বাস-প্রশ্বাসের (হাইপারভেন্টিলেশন) কারণে রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমে গিয়ে বুকে অস্বস্তি, হাত-পায়ে ঝিনঝিনি এবং মাথা হালকা লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA) বলছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ পেশিকে দীর্ঘ সময় টানটান অবস্থায় রাখে। ফলে শুধু বুকের ব্যথাই নয়, টেনশন হেডেক, মাইগ্রেন এবং কোমর ব্যথার মতো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
বিশেষজ্ঞদের মতে, বুকে ব্যথাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশেষ করে যদি—
- ব্যথা হঠাৎ শুরু হয় এবং তীব্র হয়,
- ব্যথা হাত, চোয়াল, ঘাড় বা পিঠে ছড়িয়ে পড়ে,
- অতিরিক্ত ঘাম, বমিভাব বা শ্বাসকষ্ট থাকে,
তাহলে তা হৃদরোগের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে।
তবে পরীক্ষা-নিরীক্ষায় হৃদরোগের কোনো সমস্যা না পাওয়া গেলে এবং বারবার একই ধরনের উপসর্গ দেখা দিলে মানসিক চাপ ও উদ্বেগের বিষয়টিও গুরুত্ব দিয়ে মূল্যায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যেভাবে কমাবেন উদ্বেগ
অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—
- নিয়মিত গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও রিলাক্সেশন অনুশীলন,
- পর্যাপ্ত ঘুম,
- নিয়মিত শরীরচর্চা,
- ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা,
- ক্যাফেইন গ্রহণ সীমিত রাখা,
- প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নেওয়া।
বিশেষজ্ঞদের মতে, মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারলে উদ্বেগজনিত বুকের ব্যথা ও অন্যান্য শারীরিক উপসর্গও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
ভোরের আকাশ/এনএ