দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খাবেন যে ৬ খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। তবে পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস চোখের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার নিয়মিত খেলে চোখের নানা সমস্যা প্রতিরোধে সহায়তা মেলে।
চোখ সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও জিঙ্কসমৃদ্ধ খাবার দৃষ্টিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে।
গাজর চোখের জন্য অন্যতম উপকারী খাবার। এতে থাকা ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন রেটিনাকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কম আলোতেও দেখার ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে।
আখরোট, কাজু, চিনাবাদাম ও চিয়া বীজের মতো ড্রাই ফ্রুট ও বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই। এগুলো বয়সজনিত চোখের সমস্যা কমাতে সহায়ক। পাশাপাশি শরীরের সামগ্রিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে।
কমলালেবু, আঙুর ও স্ট্রবেরির মতো টক ফলে প্রচুর ভিটামিন সি থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং চোখের কোষকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দেয়।
মসুর ডালসহ বিভিন্ন ডালে থাকা জিঙ্ক ও প্রোটিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। একই সঙ্গে ডাল স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও পরিচিত।
ডিমে থাকা লিউটিন, জিয়াজ্যানথিন, ভিটামিন সি, ভিটামিন ই ও জিঙ্ক চোখের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে।
এ ছাড়া পালং শাকসহ বিভিন্ন সবুজ শাকসবজিতে থাকা লিউটিন, ক্যারোটিনয়েড ও ভিটামিন সি চোখের জন্য অত্যন্ত উপকারী। এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে দীর্ঘমেয়াদে চোখের সুস্থতা বজায় রাখতে সহায়তা মিলতে পারে।
ভোরের আকাশ/এনএ