স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন তারা।
মন্ত্রী প্রতিনিধিদলকে দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, অ্যালান গাম্মেল ও আরটি ডেভিড মুন্ডেলসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনএস