দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর বিষয়েও অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
তিনি জানান, এ-সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের একটি কপি সোমবার দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার গত ২৫ মে তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন প্রতিষ্ঠানটির শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।
এদিকে, হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ায় দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শুধু শয্যা বাড়ালেই হবে না, এর সঙ্গে চিকিৎসাসেবার মানও বাড়াতে হবে বলে মনে করছেন সেবাপ্রার্থী ও স্থানীয়রা।
তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের নিয়মিত রোগী দেখা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ সরবরাহ এবং অন্যান্য সেবার মান উন্নত করতে হবে। তাহলেই বর্ধিত শয্যার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবেন। ৫০০ থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন পাওয়ায় দিনাজপুরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা