স্বাস্থ্য সেবা

১৫ মাস বয়সী শিশুকে দেওয়া হবে টাইফয়েড ভ্যাকসিন

ছবি: সংগৃহীত

জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে ১৫ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে সারা দেশে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদানকেন্দ্রের মাধ্যমে ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে। একই টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে এই টিকা একযোগে প্রয়োগ করা যাবে।

টিকা ব্যবস্থাপনায় ৫ ডোজের ভায়াল ব্যবহার করা হবে। ভ্যাকসিনটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে। মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে নির্ধারিত শর্তে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে। এতে টিকার অপচয় কমানো সম্ভব হবে।

কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত সেশনে টিকাদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইপিআই অ্যাপে শিশুর নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা দেওয়ার পর স্মার্ট হেলথ বিডি-ই-ট্র্যাকার অ্যাপে তথ্য হালনাগাদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম জোরদার করা হবে। এর মাধ্যমে অভিভাবকদের মধ্যে টাইফয়েড টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

১৫ মাস বয়সী শিশুকে দেওয়া হবে টাইফয়েড ভ্যাকসিন | স্বাস্থ্য কথা