আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার পর কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (০৬ জুন) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং হাসপাতালের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্তে অনিয়মের অভিযোগ
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ব্যবস্থাপনাগত ঘাটতির কথা উল্লেখ করে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে লাইসেন্স বাতিলের কারণ জানতে চাওয়া হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নোটিশটি আইনগতভাবে সঠিক নয়। এ বিষয়ে তারা আইনি পথে অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছে।
হাসপাতালে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আদ্-দ্বীন হাসপাতালটি গত তিন বছর ধরে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে।
তদন্তে হাসপাতালের দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
হাসপাতালের নিজস্ব তদন্ত প্রতিবেদনে একজন নার্স ও একজন কর্মচারীর দায়িত্ব পালনে ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। এর ভিত্তিতে ওই দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটিকে তারা ‘অপ্রত্যাশিত অবহেলার ফল’ হিসেবে উল্লেখ করেছে।
ভুক্তভোগীদের জন্য সহায়তার ঘোষণা
ভুক্তভোগী পরিবারগুলোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, উপযুক্ত কর্মসংস্থান এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দায়ীদের শাস্তি চান, তবে হাসপাতাল বন্ধ হয়ে সাধারণ মানুষের সেবা ব্যাহত হোক তা চান না।
হাইকোর্টে রিট আবেদন
এদিকে, ছয় নবজাতকের মৃত্যু এবং দেশের স্বাস্থ্যসেবার সার্বিক অনিয়ম ও অব্যবস্থাপনার তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়েছে। এতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ ও র্যাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দায়িত্ব নির্ধারণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ঘটটি নিয়ে শনিবার (০৬ জুন) একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ও বিভিন্ন অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান কিছু প্রশ্নের জবাব দেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ভোরের আকাশ/সু.পা



