বিশেষ

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : প্রত্যেক পরিবারকে ৮০ লাখ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সন্তানহারা প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলা হয়েছে। পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রোববার (৭ জুন) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি পূর্বঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। সন্তানহারা প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না—এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জবাব দেওয়ার জন্য আগামী ৯ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীর উপস্থিতিতে সশরীরে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, শোকজের জবাব দেওয়ার সময় বাড়ানোর আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে।

তিনি বলেন, শোকজের জবাব দেওয়ার নির্ধারিত সময় রোববার বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে জবাব না পেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একই দিন পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ভোরের আকাশ/সু.পা

 

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : প্রত্যেক পরিবারকে ৮০ লাখ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত | স্বাস্থ্য কথা