আধুনিক চিকিৎসা সেবায় আকিজ মেডিপ্লেক্সের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত
উন্নত প্রযুক্তি, আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকায় কার্যক্রম শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ মেডিপ্লেক্স’। প্রতিষ্ঠানটি এক ছাদের নিচে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি সর্বাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হবে, যা পরীক্ষার ফলাফল আরও নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করবে। এর মাধ্যমে চিকিৎসকেরা রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় অধিক কার্যকর তথ্য পাবেন। তবে চূড়ান্ত রোগ নির্ণয় এবং চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হবে।
আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, প্রযুক্তি কখনোই চিকিৎসকের বিকল্প নয়; বরং এটি চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক একটি কার্যকর মাধ্যম। উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ সরবরাহ করে, যার মাধ্যমে তারা দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা করতে পারেন। প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের লক্ষ্য বলে তিনি জানান।
রোগী ও চিকিৎসকদের সুবিধার জন্য আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে একজন রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পরিমাপ করা সম্ভব, যা চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে সহায়তা করবে।
এখানে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির আধুনিক প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন উন্নত চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ প্যাথলজিস্ট ও ল্যাব টেকনোলজিস্টদের মাধ্যমে পরীক্ষার মান নিশ্চিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ব্যবহৃত অত্যাধুনিক সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে প্রচলিত ব্যবস্থার তুলনায় সর্বোচ্চ ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব। এছাড়া প্রতিটি পরীক্ষার গুণগত মান কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।
আকিজ মেডিপ্লেক্সে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি ডিজিটাল হেলথ রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন রিপোর্ট, নিজস্ব ফার্মেসি এবং হোম স্যাম্পল কালেকশন সুবিধাও রয়েছে। ফলে রোগীরা একই স্থান থেকে পরীক্ষা, রিপোর্ট এবং চিকিৎসকের পরামর্শসহ সমন্বিত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
ভোরের আকাশ/সু.পা



