চিকিৎসক

আধুনিক হার্ট সার্জারিতে আইএইচএইচ হেলথকেয়ার ও ইউনিকোর সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের (IHH Healthcare Singapore) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইউনিকো হাসপাতাল। এ উপলক্ষে রোববার (১৭ মে) ইউনিকো হাসপাতাল ‘মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি’ শীর্ষক একটি Continuing Medical Education (CME) সেশনের আয়োজন করে।

আধুনিক কার্ডিয়াক সার্জারির উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ারের মাধ্যমে উন্নত রোগীসেবা সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ। তিনি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (MICS) সর্বাধুনিক অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি এ পদ্ধতির মাধ্যমে অপারেশনজনিত আঘাত, অপারেশন-পরবর্তী ব্যথা এবং হাসপাতালে থাকার সময় কমানোর পাশাপাশি রোগীর সার্বিক চিকিৎসা ফল উন্নত করার বিষয়ও ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে ভালভ রিপেয়ার ও বাইপাস সার্জারি বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

তিনি বলেন, তাঁর সাবেক প্রশিক্ষণার্থী এবং গত ১০ বছরের সহকর্মী প্রফেসর ডা. ফাইজুস সাজ্জাদ বর্তমানে ইউনিকো হাসপাতাল, গ্রিন রোড, ঢাকায় কর্মরত আছেন। এই সংযোগ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আন্তর্জাতিক ক্লিনিক্যাল সহযোগিতা ও একাডেমিক জ্ঞান বিনিময়কে আরও শক্তিশালী করছে এবং বাংলাদেশের কার্ডিয়াক সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের চিফ অপারেটিং অফিসার মি. ইয়ং ইয়িহ মিং। প্রাণবন্ত ও উচ্চমানসম্পন্ন এ CME সেশনটি পেশাগত সহযোগিতা, চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশে আধুনিক কার্ডিয়াক সার্জারির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অনুষ্ঠান চলাকালে আইএইচএইচ হেলথকেয়ার (IHH Healthcare Singapore) ও ইউনিকো হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্লিনিক্যাল সহযোগিতা আরও জোরদার করা হবে। এ অংশীদারিত্বের আওতায় চিকিৎসা-সংশ্লিষ্ট সর্বোত্তম চর্চা বিনিময়, অনলাইন শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণ সেশন এবং নির্বাচিত স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য অবজারভারশিপের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আরদ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও চিকিৎসক, আমন্ত্রিত অতিথি এবং হাসপাতালের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রাভা হেলথের COO ও সাবেক চিফ মেডিকেল অফিসার ডা. সিমিন এম. আখতার, বিএমইউর (সাবেক পিজি হাসপাতাল) রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক এবং ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রফেসর ডা. বরেন চক্রবর্তী।

সেশনে আলোচনায় বাংলাদেশে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির ক্রমবর্ধমান গুরুত্ব ও অগ্রগতির বিষয়টি উঠে আসে। বিশেষজ্ঞরা বলেন, এ প্রযুক্তি রোগীর দ্রুত সুস্থতা, কম অপারেশনজনিত আঘাত এবং অপারেশন-পরবর্তী জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া উন্নত কার্ডিয়াক সেবা সহজলভ্য করা এবং রোগীর চিকিৎসা ফল উন্নত করতে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা, সচেতনতামূলক কার্যক্রম ও সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্বও আলোচনায় গুরুত্ব পায়।

ইউনিকো হাসপাতাল ও আইএইচএইচ হেলথকেয়ারের (IHH Healthcare Singapore) এ সহযোগিতা বাংলাদেশের রোগীদের জন্য আধুনিক কার্ডিয়াক চিকিৎসা, চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল উৎকর্ষতা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

ভোরের আকাশ/সু.পা

আধুনিক হার্ট সার্জারিতে আইএইচএইচ হেলথকেয়ার ও ইউনিকোর সমঝোতা স্মারক স্বাক্ষর | স্বাস্থ্য কথা