বয়স ১৮ পেরোলে নেওয়া জরুরি ৫টি টিকা

ছবি: সংগৃহীত
শৈশবেই শুধু টিকানিতে হয়, এ ধারণা ভুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সংক্রামক রোগ বেড়ে চলেছে, তাতে ১৮ বছর বয়স পার হওয়ার পরও কিছু টিকা নেওয়া প্রয়োজন। সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, প্রতিষেধকের কার্যক্ষমতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। বর্তমান সময়ে দূষণ, জীবনযাত্রার পরিবর্তন ও নতুন নতুন রোগের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। সেজন্য শুধু ছোটদের নয়, প্রাপ্তবয়স্কদেরও কিছু টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
বয়স ১৮ বছর পার হওয়ার পর উল্লেখিত ৫টি টিকা নেওয়া অতি প্রয়োজন-
১. টিড্যাপ : টিটেনাস, ডিফথেরিয়া ও হুপিং কাশি প্রতিরোধে এই টিকা প্রতি ১০ বছর পর পর নেওয়া উচিত।
২. এইচপিভি টিকা : হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা জরায়ুমুখের ক্যানসার ছাড়াও, আরও কয়েক রকম ক্যানসার প্রতিরোধ করতে পারে। ১৮ বছর বয়সের পর থেকে ২৬ বছর বয়স পর্যন্ত মহিলা ও পুরুষ, উভয়েরই এই টিকা নেওয়া উচিত।
৩. হেপাটাইটিস-বি : লিভারের ক্যানসার এবং লিভার সিরোসিস প্রতিরোধে এই টিকা অত্যন্ত জরুরি। ছোটবেলায় এই টিকা নেওয়া থাকলেও ১৮ বছর বয়সের পরেও এই টিকা আবার নেওয়া উচিত।
৪. নিউমোকক্কাল টিকা : নিউমোনিয়া এবং মেনিনজাইটিস থেকে বাঁচতে ৬৫ বছর বয়সের পর এই টিকা নিতে হয়। তবে ফুসফুসের সমস্যা, হাঁপানি ও সিওপিডি অথবা ডায়াবেটিস থাকলে ১৮ বছর বয়সের পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নিতে হবে।
৫. টাইফয়েডের টিকা : টাইফয়েডের প্রকোপ বাড়ায় প্রাপ্তবয়স্কদেরও এই টিকা নেওয়া জরুরি, বিশেষ করে যাদের নিয়মিত ভ্রমণ করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সময়মতো টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে নানা জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
ভোরের আকাশ/সু.পা



