চিকিৎসাসেবা সম্প্রসারণে ময়মনসিংহে নতুন হাসপাতালের পরিকল্পনা

ছবি: সংগৃহীত
ময়মনসিংহ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার ভোগান্তি কমাতে এবং চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে সদর উপজেলায় নতুন একটি এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হাসপাতালটি নির্মাণ করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২২ জুলাই হাসপাতাল নির্মাণ ও শয্যা বৃদ্ধির নীতিগত অনুমোদনসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভার এজেন্ডায় ময়মনসিংহ ও বান্দরবানে নতুন হাসপাতাল স্থাপন এবং সাতক্ষীরা ও ফরিদপুর জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয় রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সভায় ময়মনসিংহে এক হাজার শয্যাবিশিষ্ট একটি জেলা সদর হাসপাতাল এবং বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তঘেঁষা বংকুপাড়ায় ২০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা করা হবে।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যার একটি টারশিয়ারি পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এটি জেলা সদরের চরপাড়া এলাকায় অবস্থিত। এছাড়া জেলা সদরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেটি কার্যত অচলপ্রায় অবস্থায় রয়েছে।
জানা গেছে, হাসপাতাল নির্মাণ ও শয্যা বৃদ্ধির নীতিগত অনুমোদনসংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলাম।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, হাসপাতাল ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ময়মনসিংহ ও বান্দরবানের সিভিল সার্জন এবং সাতক্ষীরা ও ফরিদপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক উপস্থিত থাকবেন।
ভোরের আকাশ/সু.পা



