স্বাস্থ্য সেবা

চলতি বছরেই উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন হবে : স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

জনগণের ভোগান্তি কমানো এবং সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করতে চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চলতি মাসেই আমদানি করা হবে। পাশাপাশি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি, জেলা হাসপাতালে ১০টি এবং প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় মিডওয়াইফ ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ৩ শতাংশে পৌঁছেছে, যা উদ্বেগজনক। এ হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করবে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত ও আধুনিকায়ন করা হচ্ছে। এসব হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা চালু করা হবে।

ভোরের আকাশ/সু.পা

চলতি বছরেই উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন হবে : স্বাস্থ্যমন্ত্রীর | স্বাস্থ্য কথা