স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুতে একদিনে প্রাণহানি ৩, হাসপাতালে ভর্তি ৫৮০

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ৮১ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৬৭ জন, ময়মনসিংহে ৩৬ জন, রংপুরে ৩১ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। আর ২০২৪ সালে ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুতে একদিনে প্রাণহানি ৩, হাসপাতালে ভর্তি ৫৮০ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ