বিশেষ

১০৩০ ডায়ালাইসিস মেশিন ক্রয়ে তিনবার টেন্ডার বাতিল

ছবি-ভোরের আকাশ

# ২৬৭ কোটি টাকার প্রকল্পে ব্যয় ও সরবরাহব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ, পুনরায় দরপত্র আহ্বানের দাবি

দেশে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে নেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। ২৬৭ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে ডায়ালাইসিস মেশিন কেনার মূল্য নির্ধারণ, দরপত্রের যোগ্যতার শর্ত পরিবর্তন এবং যন্ত্র পরিচালনার প্রয়োজনীয় কেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ভোরের আকাশ পত্রিকায় এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট একটি দরপত্র বাতিল করা হয়েছে। তবে কেন দরপত্র বাতিল করা হলো, নতুন করে কী প্রক্রিয়ায় কেনাকাটা হবে এবং আগের বিতর্কিত শর্তগুলো সংশোধন করা হবে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর ‘Health and Financial Burden of Kidney Dialysis in Bangladesh’ শীর্ষক গবেষণা এবং দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রায় আট লাখ কিডনি বিকল রোগীর ডায়ালাইসিস প্রয়োজন। কিডনি রোগীরা দুই ধরনের ডায়ালাইসিস মেশিনের মাধ্যেমে চিকিৎসা নেয়। এর একটি হচ্ছে এইচডি মেশিন (পুরনো মডেল) এবং দ্বিতীয়টি এইচডিএফ মেশিন (নতুন মডেল)। এইচডি মেশিন দিয়ে সাধারণ কিডনি রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।  

এইচডিএফ মেশিনে কিডনি আক্রান্ত রোগীরা হেমোডায়ালাইসিস (এইচডি) চিকিৎসা সুবিধা পাবেন। কিডনি রোগীর হেমোডায়ালাইসিস (এইচডি) চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি প্রয়োজনে হিমোডায়াফিল্ট্রেশন (এইচডিএফ) চিকিৎসাসেবা পাবেন। জটিল কিডনি রোগীরা (পুষ্টিগত অবস্থার ভারসম্যহীনতায় যথাযথ ইলেকট্রোলাইট ও তরল ভারসাম্য বজায় রাখতে) সরাসরি হিমোডায়াফিল্ট্রেশন (এইচডিএফ) চিকিৎসা সুবিধা পাবেন। বিস্তৃত পরিসরে টক্সিন অপসারণে (রক্ত থেকে ছোট, মাঝারি ও বড় আণবিক আকারের ক্ষতিকর বর্জ্য পাদার্থ) এইচডিএফ মেশিন অধিক কার্যকর। আর এইডিএফ মেশিন কিডনি রোগীদের মৃত্যুঝুঁঁকি কমাতে এবং হৃদরোগজনিত জটিলতা হ্রাসে করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫টি ‘মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্রের উন্নয়ন, ৫০ শয্যায় উন্নীতকরণ এবং ৪৪টি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয়বার দরপত্রে ১০৩০টি ডায়ালাইসিস মেশিন থেকে একটি লটে ৪৭২টি কেনার উদ্যোগ নেওয়া হয়। উক্ত দরপত্র দুইতে এইচডিএফ চাওয়া ছিল। সর্বশেষ তৃতীয়বার আহ্বানকৃত দরপত্রে চিকিৎসা পরিষেবা হ্রাস করে শুধুমাত্র এইচডি সেবা চাওয়া হয়েছিল। তৃতীয়বারের টেন্ডারটি নিয়ে কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ডায়ালাইসিস মেশিন কেনার বিভিন্ন শর্ত, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও মেশিনে ব্যবহৃত জীবাণুমুক্তকরণ রাসায়নিক দ্রব্য এবং যোগ্যতা নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বিশেষ করে টেন্ডারে অভিজ্ঞতার শর্ত পরিবর্তন, মেশিনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং ওয়ারেন্টির মেয়াদ কমানোর বিষয়াদি আলোচনায় আসে। সংবাদ প্রকাশের পর দরপত্র বাতিলের ঘটনা কেনাকাটার পুরো প্রক্রিয়াকে নতুন করে আলোচনায় এনেছে।

প্রকল্পে প্রতিটি ডায়ালাইসিস মেশিনের ক্রয়মূল্য বা বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা (স্বনামধন্য কয়েকটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে জানা যায় যে, স্পেসিফিকেশনে এইচডি, এইচডিএফ এবং অনলাইন এইচডিএফ চিকিৎসাসেবা, মনিটরের ডিসপ্লের সাইজ ১৫ ইঞ্চি এবং পাঁচ বছর ওয়ারেন্টিসহ ক্রয় করার পরেও অর্থ বেঁচে যাবে)। অথচ তৃতীয়বার টেন্ডারে স্পেসিফিকেশন অনুযায়ী সংশ্লিষ্ট বাজারদর সম্পর্কে পাওয়া তথ্য অনুসারে, প্রতিটি মেশিনের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। সে হিসাবে এক হাজার ৩০টি মেশিনের আনুমানিক বাজারমূল্য হচ্ছে ৯২ কোটি ৭০ লাখ টাকা। 

অন্যদিকে, প্রকল্পের মোট বাজেট ২৬৭ কোটি টাকা। অর্থাৎ মেশিনের এই আনুমানিক মূল্য বাদ দিলে অবশিষ্ট থাকে প্রায় ১৭৪ কোটি ৩০ লাখ টাকা। তাহলে সবার প্রশ্ন এইচডিএফ ডায়ালাইসিসি না কিনে এইচডি ডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগ কেন নেওয়া হয়েছে।

ডায়ালাইসিস মেশিন কেনার পরই শেষ নয়, এটি পরিচালনার জন্য প্রতিটি রোগীর চিকিৎসাসেবায় নিয়মিত ডায়ালাইজার, নিডেল, ব্লাড টিউবিং সেট এবং জীবাণুমুক্তকরণ কেমিক্যাল প্রয়োজন হয়। এসব উপকরণ সরবরাহ যদি কোনো নির্দিষ্ট কোম্পানি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে দীর্ঘমেয়াদে পুরো ডায়ালাইসিস সেবা তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে করে সরকারের পরিচালন খাতে ব্যয় বেড়ে যাবে। অন্যদিকে একটি পক্ষ একক সুবিধা ভোগ করবে ও ব্যক্তিগতভাবে লাভবান হবে।

সংশ্লিষ্টদের মতে, দরপত্র বাতিলের পর নতুন করে কেনাকাটার উদ্যোগ নেওয়ার আগে পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করা জরুরি। মেশিনের প্রকৃত বাজারমূল্য যাচাই, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি নির্বাচন, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং বিশেষ করে জীবাণুমুক্তকরণ কেমিক্যালসমূহ সকল ব্র্যান্ডের মেশিনের জন্য উন্মুক্ত রাখা ও সরঞ্জামের বিকল্প সরবরাহকারী নিশ্চিত করতে হবে। একইসঙ্গে প্রকল্পের প্রতিটি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

দরপত্র বাতিলের কারণ অনুসন্ধান 
সংশ্লিষ্ট টেন্ডারটি পরপর তিনবার বাতিল হয়েছে। ১০৩০টি ডায়ালাইসিস মেশিন ক্রয়ের নিমিত্তে পূর্বের দুটি টেন্ডারে প্রত্যেকটি দুটি লটে বিভক্ত করে টেন্ডারের স্পেসিফিকেশনে এইচডি, এইচডিএফ এবং অনলাইন এইচডিএফ চিকিৎসাসেবা চাওয়া হয়েছিল। মনিটরের ডিসপ্লের সাইজ চাওয়া হয়েছিল ১৫ ইঞ্চি। কিন্তু তৃতীয়বারের টেন্ডারে একটি প্যাকেজে একটি লট করে টেন্ডার আহ্বান করা হয়েছে (যা

পিপিআর-২০২৫-এর ‘তৃতীয় অধ্যায়
ক্রয়সংক্রান্ত নীতিমালা, অংশ-১, ধারা ২৫(৭)’-এর বিধান লঙ্ঘন করা হয়েছে) এবং টেন্ডারের স্পেসিফিকেশনে শুধু এইচডি এবং ১০ ইঞ্চি মনিটর চাওয়া হয়েছিল। বারবার টেন্ডার বাতিল হওয়ার পেছনের কারণ স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখা জরুরি। টেন্ডার প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সরকারি অর্থ আত্মসাতের অপচেষ্টা হয়ে থাকলে, তার সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্মকর্তাদের চিহ্নিত করে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে টেন্ডার বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা ও প্রক্রিয়াগত স্বচ্ছতাও নিশ্চিত করা প্রয়োজন।

জনগণের অর্থ ব্যবহারে সততা ও জবাবদিহিতা জরুরি
রাষ্ট্রীয় অর্থের প্রকৃত মালিক জনগণ। জনগণের এই অর্থ সঠিক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী কাজে ব্যয় করা সরকারের দায়িত্ব। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। আর সেসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা। তাই প্রকল্পের সফলতা এবং জনগণের কাছে এর সুফল পৌঁছানো অনেকাংশেই নির্ভর করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নৈতিকতা, সততা, পেশাগত দক্ষতা ও জবাবদিহিতার ওপর। সরকারি ক্রয়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বার্থ নয়। সবার আগে জনগণের স্বার্থ, এ লক্ষে সরকারি অর্থের সুরক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা দরকার।

কয়েকজন সরবরাহকারীর সাথে কথা বলে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের টেন্ডার বাতিল হলেও প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নতুন দরপত্রে আগের বিতর্কিত শর্তগুলো বাদ দিয়ে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা যায় কিনা। জনগণের অর্থে পরিচালিত কোনো স্বাস্থ্য প্রকল্প ব্যক্তি, কোম্পানি কিংবা স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ রক্ষার হাতিয়ার হতে পারে না। কিডনি রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রকল্পটির ব্যয়, কেনাকাটা ও সরবরাহব্যবস্থায় নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ঠিকাদার বা সরবরাহকারীর স্বার্থ নয়, নিশ্চিত হোক সমান প্রতিযোগিতা
মেডিকেল যন্ত্রপাতির কারিগরি স্পেসিফিকেশন প্রণয়নের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য ও প্রস্তাবকে এককভাবে প্রাধান্য দেওয়া উচিত নয়। কোনো প্রতিষ্ঠানের পণ্য বা প্রযুক্তির বৈশিষ্ট্য যাচাই ছাড়াই দরপত্রের বাধ্যতামূলক শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হলে অন্য যোগ্য প্রতিষ্ঠান প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। স্পেসিফিকেশন হতে হবে হাসপাতালের প্রকৃত চাহিদা, রোগীর নিরাপত্তা, আন্তর্জাতিক মান এবং বাজারে বিদ্যমান সমমানের প্রযুক্তির ভিত্তিতে। কোনো নির্দিষ্ট ব্র্যান্ড, মডেল বা সরবরাহকারীকে সুবিধা দেওয়ার মতো শর্ত পরিহার করতে হবে। একইসঙ্গে দরপত্রে অংশগ্রহণকারী সব যোগ্য প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ ও স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়প্রক্রিয়ার মূল লক্ষ্য কোনো ঠিকাদার বা গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ রক্ষা নয়; বরং প্রতিযোগিতামূলক দামে সর্বোচ্চ মানের যন্ত্রপাতি সংগ্রহ এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যেন জনগণ সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পায়।

পুনরায় দরপত্র আহ্বান
ডায়ালাইসিস মেশিনের স্পেসিফিকেশনে এইচডি, এইচডিএফ এবং অনলাইন এইচডিএফ চিকিৎসা সেবা থাকা নিশ্চিত কারা, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি নির্বাচন, যেকোনো ব্র্যান্ডের মেশিনের জন্য উন্মুক্ত জীবাণুমুক্তকরণ কেমিক্যালের ব্যবস্থা রাখা, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি কমপক্ষে পাঁচ বছর, এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিতকরণ।

অন্যদিকে, সরকারি অর্থের অপচয়, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির ঝুঁঁকি কমাতে এক হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন একটি প্যাকেজের আওতায় কয়েকটি লটে বিভক্ত করে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রযুক্তি নির্বাচন, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা টেন্ডার আহ্বানের বিষয়টিও পুনর্বিবেচনা করা প্রয়োজন।

পিপিআর-২০২৫-এর ‘তৃতীয় অধ্যায়
ক্রয়সংক্রান্ত নীতিমালা, অংশ-১, ধারা ২৫(৭)’-এর বিধান অনুসরণ করে প্রয়োজন ও যৌক্তিকতা বিবেচনায় প্যাকেজটিকে একাধিক লটে বিভক্ত করতে হবে। এতে আরও বেশি যোগ্য দরপত্রদাতার অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুযোগ বন্ধ করে বিধিবিধান মেনে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের বক্তব্য
এইচডি ডায়ালাইসিসি মেশিন এবং এইচডিএফ ডায়ালাইসিস মেশিনের গরুত্বের বিষয়ে জিজ্ঞাসা করলে: 
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, এইচডিএফ মেশিন একটি অত্যাধুনিক প্রযুক্তি। বর্তমান সময়ে এইচডিএফ মেশিনের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ডায়ালাইসিস করা যায়। এতে রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেয়ে থাকেন।

নিমিউ অ্যান্ড টিসির টেকনিক্যাল ম্যানেজার ইঞ্জি. এম. এন. নাশিদ রহমান বলেন, HD (Hemodialysis) এবং HDF (Hemodiafiltration)-উভয় মেশিনের মূল কাজ হলো রক্ত পরিশোধন করা। তবে HDF ডায়ালাইসিস মেশিনে উন্নত ফিল্ট্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা HD ডায়ালাইসিসি মেশিনের তুলনায় রক্ত থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ আরও কার্যকরভাবে অপসারণ করতে সক্ষম। অর্থাৎ, HDF হলো HD প্রযুক্তির তুলনায় আরও আপগ্রেডে ভার্সন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাদার মো. ফারুক হোসেন বলেন, এইচডি মেশিন হচ্ছে সাধারণ ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত মেশিন। অপরদিকে, এইচডিএফ হলো উন্নত প্রযুক্তির মেশিন, যেটি দিয়ে সাধারণ ডায়ালাইসিসের পাশাপাশি বিভিন্ন ফ্লোতে ডায়ালাইসিস করা যায়। এটি একটি আপডেটেড মেশিন। এর মাধ্যমে মুমূর্ষু রোগীদের ধীরে ধীরে ডায়ালাইসিস করা যায়।

ডায়ালাইসিস মেশিন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আল-আমিন বলেন, সারা দেশে কিডনি রোগী যেন বিশ্বমানের চিকিৎসাসেবা পায়, সেই জন্য আধুনিক সুবিধাসহ এইচডিএফ মেশিনে ডায়ালাইসিসের সুযোগ থাকায় রোগীরা কেন এইচডি মেশিন থেকে চিকিৎসা নেবেন? এইচডি মেশিনে চিকিৎসা নেওয়ার সময় অসুস্থ রোগীর এইচডিএফ সুবিধার প্রয়োজন হলে তখন এইচডি মেশিন দিয়ে রোগীকে সে চিকিৎসা দেওয়া যাবে না। তেমন পরিস্থিতিতে রোগীর মৃত্যুও হতে পারে।

অপরদিকে, এইচডিএফ মেশিন দিয়ে যে রোগীর যে সমস্যা সে অনুযায়ী সব ধরনের সেবা (এইচডি এবং এইচডিএফ দুই ধরনের সুবিধাই) একই মেশিনে নিতে পারবেন। আর যদি শুধু এইচডি ডায়ালাইসিস মেশিন ক্রয় করা হয়, তাহলে এইচডিএফ মেশিনের আধুনিক চিকিৎসাসেবা থেকে রোগীদের বঞ্চিত করা হবে। আমি একজন সাধারণ নাগরিক। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ বেতন নেন এবং জনগণের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্প হয়। তাহলে কেন প্রকল্পের পর্যাপ্ত টাকা থাকার পরেও এইচডিএফ মেশিন না কিনে এইচডি মেশিন কেনা হচ্ছে?

পূর্বের কমিটির বক্তব্য 
ওই প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় দরপত্র ও স্পেসিফিকেশন কমিটি (নাম প্রকাশে অনিচ্ছুক) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আগের দরপত্রের বিষয়ে জানতে চাইলে তারা জানান, যাতে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে সকল বিষয় বিবেচনা করে দরপত্রের স্পেসিফিকেশনের এইচডিএফ সুবিধার ডায়ালাইসিস মেশিন চাওয়া হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় ডায়ালাইসিস প্রকল্পের দরপত্রের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকতাদের নিকট ডায়ালাইসিস মেশিন-সংক্রান্ত প্রকল্পের দরপত্রটি বাতিল হয়েছে।

এই প্রকল্পের দরপত্রটি পরবর্তী সময়ে কীভাবে এবং কখন করা হবে জানতে চাইলে তারা বলেন, সংশ্লিষ্ট প্রকল্পটিতে ডায়ালাইসিস মেশিনের বিশ্বমানের স্পেসিফিকেশনসহ রোগীদের চিকিৎসাসেবা গুণগত মান নিশ্চিত করে এবং একটি প্যাকেজকে কয়েকটি লটে বিভক্ত করে পিপিআর অনুযায়ী দরপত্রের প্রতিযোগিতা বাড়ানো ও কোনো প্রতিবন্ধকতা না রেখে জরুরিভিত্তিতে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।

ভোরের আকাশ/এসএইচ