স্বাস্থ্য সেবা

নিউরো সায়েন্স হাসপাতালে ১০ চিকিৎসকের অধ্যাপক পদে পদায়ন

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি ও ইন্টারভেনশনাল নিউরোলজিসহ গুরুত্বপূর্ণ বিভাগে তাঁদের পদায়ন দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পদায়ন ও বদলি করা চিকিৎসকদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়নপ্রাপ্ত চিকিৎসকেরা হলেন—ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও ডা. মুহ. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীমকে অধ্যাপক, নিউরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে। একই পদে ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডা. শামিম রশিদকে অধ্যাপক, নিউরো-ফিজিওলজি এবং ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি পদে পদায়ন করা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। তাঁদের মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরীকে নিনসে পদায়ন করা হয়েছে। অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে, ডা. মুহ. রফিকুল ইসলামকে অধ্যাপক, ফার্মাকোলজি পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে পদায়ন করা হয়েছে। তাঁদের দুজনকেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে পরবর্তী কর্মদিবসে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

ভোরের আকাশ/সু.পা