বিশেষ

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর উদ্যোগ

সরকারের কাছে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চায় কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা, অবকাঠামো উন্নয়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের বেতন-ভাতা বাবদ সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। এদিন সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, কার্ডিওভাসকুলার, স্ট্রোক, ক্যানসার, বন্ধ্যাত্ব, নারী, মাতৃ ও শিশুসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) এবং শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর পরিকল্পনা রয়েছে।

বরাদ্দের আবেদনে হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত সেবা কেন্দ্রের জন্য আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সরঞ্জাম, হাসপাতালের শয্যা এবং অন্যান্য চিকিৎসাসামগ্রী। এ ছাড়া কেবিন, ওয়ার্ড, ল্যাবরেটরি, রোগীদের অপেক্ষাকক্ষ, ক্যাফেটেরিয়া ও অডিটরিয়ামসহ বিভিন্ন স্থাপনা সংস্কার ও আধুনিকায়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।

আবেদনে হাসপাতালের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, সাবস্টেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, হেপা ফিল্টার স্থাপন এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণের সবুজায়ন ও ল্যান্ডস্কেপিংয়ের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। প্রস্তাবিত অর্থের একটি অংশ ব্যয় করা হবে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়।

হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হয়েছে। পরে গত ১ অক্টোবর এটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়।

হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বরাদ্দের আবেদন হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা