স্বাস্থ্য সেবা

গুলিস্তানের সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা অগ্রগতি নিয়ে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং আহতদের স্বজনরা।

এর আগে, ১৪ জুলাই দিবাগত রাত প্রায় ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার ওই সেলুনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধ হন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির জানান, দগ্ধদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

দগ্ধদের পরিচয় :
মো. ফারুক (৩৫): শরীরের ৫০ শতাংশ দগ্ধ।
রিংকু (৩০): শরীরের ২১ শতাংশ দগ্ধ।
রনি (৩৬): শরীরের ১০ শতাংশ দগ্ধ।
জসিম (৪০): শরীরের ৮ শতাংশ দগ্ধ।
রফিক (২৫): শরীরের ১২ শতাংশ দগ্ধ।
সামশেদ (৩০): শরীরের ১৫ শতাংশ দগ্ধ।
রাজু (৩৪): শরীরের ১৮ শতাংশ দগ্ধ।
পাপ্পু (২৬): শরীরের ১৮ শতাংশ দগ্ধ।
সাকিব (১৭): শরীরের ১ শতাংশ দগ্ধ।
আরমান (৩৭): শরীরের ১৫ শতাংশ দগ্ধ।

গুলিস্তানের সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা