স্বাস্থ্য পুষ্টি

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডিম বাদ নয়, দরকার ভারসাম্য

ছবি: সংগৃহীত

ডিমকে পৃথিবীর অন্যতম বহুমুখী ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অনেকেই সবার আগে ডিমের কুসুম খাওয়া বন্ধ করে দেন। হৃদরোগের ঝুঁকির আশঙ্কায় দীর্ঘদিন ধরে ডিমের কুসুম নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে।

তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, ডিমের কুসুম নিয়ে প্রচলিত কিছু ধারণা নতুন করে ভাবার সময় এসেছে। বিশেষজ্ঞদের মতে, শুধু ডিমের কুসুম খাওয়ার কারণেই রক্তের কোলেস্টেরল বেড়ে যায়—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।

ডিমের কুসুমে কী থাকে?
একটি ডিমের কুসুমে প্রায় ২০০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কোলেস্টেরল গ্রহণের পরিমাণ সাধারণত ৩০০ মিলিগ্রামের মধ্যে রাখার কথা বলা হয় এই হিসাব থেকেই অনেকের ধারণা, ডিমের কুসুম দ্রুত কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে গ্রহণ করা কোলেস্টেরল সরাসরি রক্তের কোলেস্টেরলের মাত্রা নির্ধারণ করে না।

পুষ্টিবিদ শালিনী সুধাকরের মতে, ডিমের মতো প্রাকৃতিক খাবারে থাকা কোলেস্টেরল অধিকাংশ মানুষের ক্ষেত্রে রক্তের কোলেস্টেরল উল্লেখযোগ্যভাবে বাড়ায় না। বরং গবেষণায় দেখা গেছে, রক্তের কোলেস্টেরল বৃদ্ধিতে খাবারের ‘স্যাচুরেটেড ফ্যাট’ বা সম্পৃক্ত চর্বির ভূমিকা বেশি। তাই শুধু ডিমের কুসুম বাদ দেওয়ার পরিবর্তে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার কমানো কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেশি কার্যকর হতে পারে।

পুষ্টির ভাণ্ডার ডিমের কুসুম
ডিমের কুসুমে শুধু কোলেস্টেরলই নেই, রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান। এতে ভিটামিন এ, বি-ভিটামিন (যেমন বি২ ও ফোলেট) এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে এবং শরীরের বিভিন্ন জৈবিক কার্যক্রমে ভূমিকা রাখে। ফলে ডিমের কুসুম পুরোপুরি বাদ দিলে শরীর এসব পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে।

দিনে কতটি ডিম খাওয়া নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, ডিম খাওয়ার ক্ষেত্রে মূল বিষয় হলো পরিমাণ ও ভারসাম্য।
পুষ্টিবিদ শালিনী সুধাকরের পরামর্শ অনুযায়ী—
সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য: প্রতিদিন ৪টি ডিমের সাদা অংশ এবং ২টি ডিমের কুসুম খাওয়া নিরাপদ হতে পারে।
যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে: প্রতিদিন ৪টি ডিমের সাদা অংশ এবং ১টি ডিমের কুসুম খাওয়া যেতে পারে।

তবে ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণ করা ভালো।

বিশেষজ্ঞদের মতে, ডিমের কুসুম নিজে কোনো শত্রু নয়; বরং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং অনিয়মিত জীবনযাপনই হৃদস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে। তাই উচ্চ কোলেস্টেরল থাকলেও ডিম পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে পরিমিত পরিমাণে খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। তথ্যসূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা