স্বাস্থ্য প্রশাসন

নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান খান

ছবি: সংগৃহীত

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল (নিনস)-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের “পরিচালক কাম অধ্যাপক” পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সদস্যসচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক নুরুজ্জামান খান কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরোসার্জারিতে মাস্টার্স অব সার্জারি (এমএস) ডিগ্রিও লাভ করেন।

পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ভোরের আকাশ/সু.পা

নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান খান | স্বাস্থ্য কথা