স্বাস্থ্য সেবা

অক্সিজেনের মান ও সরবরাহ নিশ্চিতে রোডম্যাপ প্রণয়ণে ২৭ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অক্সিজেনের সহজলভ্যতা, গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬–২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্যসেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

এ ছাড়া কারিগরি সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আইসিডিডিআর,বি এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের বিশেষজ্ঞরা কমিটিতে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মেডিকেল অক্সিজেন রোডম্যাপের মূল লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসা অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা। এ লক্ষ্যে কমিটি চিকিৎসা অক্সিজেনের গুণগত মান নিয়ন্ত্রণ, জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ কো-অপ্ট করে কার্যক্রম পরিচালনার সুপারিশ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে চিকিৎসা অক্সিজেনের চাহিদা পূরণ, সম্ভাব্য সংকট মোকাবিলা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা

অক্সিজেনের মান ও সরবরাহ নিশ্চিতে রোডম্যাপ প্রণয়ণে ২৭ সদস্যের কমিটি | স্বাস্থ্য কথা