স্বাস্থ্য প্রশাসন

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিক্যালে ৫ শতাংশ কোটা বহাল : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে এই কোটার আওতায় ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে উচ্চ শিক্ষা ব্যয়বহুল হওয়ায় অনেক দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থী সেখানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় তাদের জন্য বিশেষ কোটা চালু এবং শিক্ষার ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন এবং গুণগত মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা কার্যকর রয়েছে।

মন্ত্রী বলেন, চলতি বছর এই কোটার আওতায় মোট ৩৯৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, যা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

ভোরের আকাশ/সু.পা

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিক্যালে ৫ শতাংশ কোটা বহাল : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা