বিশেষ

অতিরিক্ত তাপমাত্রায় ঘুমানো হৃদ্‌রোগের জন্য ঝুঁকি

ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে ঘুমানো শরীরের ওপর নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক ও হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য অতিরিক্ত তাপমাত্রা উদ্বেগের কারণ হতে পারে। গরমে পানিশূন্যতা, রক্তচাপের ওঠানামা এবং শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। তবে প্রচণ্ড গরম সরাসরি হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রক্তনালীগুলো প্রসারিত হয়। এর ফলে রক্তচাপ কমে যেতে পারে এবং শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। যাদের আগে থেকেই নিম্ন রক্তচাপ বা হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এ সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, গরম ও হার্ট অ্যাটাকের মধ্যে সরাসরি সম্পর্ক না থাকলেও তীব্র তাপ শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই ঋতু নির্বিশেষে হৃদ্‌যন্ত্রের যত্ন নেওয়া জরুরি।

সম্প্রতি ‘বিএমসি মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, শোয়ার ঘরের তাপমাত্রা ৭৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেলে শরীরের স্নায়ুতন্ত্রে পরিবর্তন দেখা দিতে পারে।

গবেষণায় গ্রিফিথ ইউনিভার্সিটির ড. ফার্গুস ও’কনর ও তার গবেষক দল ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত গ্রীষ্মকালীন সময়ে ৬৫ বছর বা তার বেশি বয়সী ৪৭ জন ব্যক্তির ঘুমের সময় শরীরের বিভিন্ন পরিবর্তন পর্যবেক্ষণ করেন।

গবেষণায় দেখা যায়, অতিরিক্ত গরম পরিবেশে শরীর ঠান্ডা রাখতে রক্তনালী প্রসারিত হয়। এতে হৃদ্‌যন্ত্রকে তুলনামূলক বেশি কাজ করতে হয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদ্‌স্পন্দনের হারও বাড়তে পারে, যা ঘুমের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং হৃদ্‌স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ঘরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদ্‌যন্ত্রের ওপর চাপের মাত্রা বাড়ে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দীর্ঘ সময় অতিরিক্ত গরমে থাকা হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে দিনের তাপমাত্রা নিয়ে বিভিন্ন নির্দেশনা থাকলেও রাতের ঘুমের জন্য নির্দিষ্ট তাপমাত্রা বিষয়ে সর্বজনীন কোনো নির্দেশনা নেই। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে গরম রাতের প্রভাব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের মতে, গরমের সময় শরীরে পানির ঘাটতি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ প্রাপ্তবয়স্কের দৈনিক পর্যাপ্ত পানি পান করা উচিত। অতিরিক্ত ঘাম হলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার দিকেও নজর দিতে হবে।

গরমে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, হালকা ও আরামদায়ক পোশাক পরা, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ঘুম এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ভোরের আকাশ/সু.পা

অতিরিক্ত তাপমাত্রায় ঘুমানো হৃদ্‌রোগের জন্য ঝুঁকি | স্বাস্থ্য কথা