প্রতি মাসেই ভাতা পাবেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে ভর্তি হওয়া বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে তাদের ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে। এতদিন ছয় মাস পরপর একসঙ্গে ভাতা দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাসিক ভিত্তিতে ভাতা প্রদান করা হবে।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট-২ শাখার উপসচিব আলাউদ্দিন আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৮ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছয় দফা সিদ্ধান্তসংবলিত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হয়।
যৌথ বিবৃতির প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সকল বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসক ভাতা পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি তাদের ভাতা প্রতি মাসে নিয়মিত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে শর্ত পূরণকারী সব বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকের ভাতা মাসিক ভিত্তিতে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এতদিন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা প্রতি ছয় মাস পরপর একসঙ্গে ছয় মাসের বকেয়া ভাতা পেতেন। ফলে নিয়মিত জীবনযাপন ও আর্থিক পরিকল্পনায় নানা সমস্যার মুখোমুখি হতে হতো তাদের। নতুন এই সিদ্ধান্তে দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ভাতাবৈষম্য দূরীকরণ, নিয়মিত ভাতা প্রদানসহ ছয় দফা দাবিতে সম্প্রতি দেশজুড়ে আন্দোলন করেন ইন্টার্ন চিকিৎসক, স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত এসেছে।
ভোরের আকাশ/সু.পা



