রেনাটার লেভোথাইরক্সিন ট্যাবলেট ছয় দেশে বিক্রির অনুমোদন

ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেডের উৎপাদিত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।রেনাটা জানায়, ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের আওতায় ওষুধটি আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টায় বাজারজাত করা যাবে।
প্রতিষ্ঠানটির মতে, ইইউভুক্ত ছয়টি দেশে এই অনুমোদন রেনাটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এটি ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণে রেনাটার সক্ষমতার স্বীকৃতি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও জোরদার করবে এবং বিশ্বজুড়ে রোগীদের কাছে আন্তর্জাতিক মানের ওষুধ পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন, যা মূলত হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড-সংক্রান্ত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অত্যন্ত সংবেদনশীল এ ওষুধ রোগীর বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এর ডোজ বা গুণগত মানে সামান্য পরিবর্তনও চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
রেনাটা জানায়, ইউরোপের উন্নত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক আধুনিক ফর্মুলেশন প্রযুক্তি ব্যবহার করে ওষুধটির প্রতিটি ট্যাবলেটে নির্ভুল মাত্রা নিশ্চিত করা হয়। এর মাধ্যমে রোগীর নিরাপত্তা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
বাংলাদেশে ‘থাইরক্স’ (Thyrox) ব্র্যান্ড নামে রেনাটা দীর্ঘদিন ধরে লেভোথাইরক্সিন বাজারজাত করছে। থাইরয়েড রোগের চিকিৎসায় এটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের ছয় দেশে নতুন এই অনুমোদন আন্তর্জাতিক বাজারে রেনাটার সম্প্রসারণ এবং বৈশ্বিক মানসম্পন্ন ওষুধ সরবরাহে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।
ভোরের আকাশ/সু.পা



