স্বাস্থ্য সেবা

সাস্থ্য সেবায় আইসিডিডিআরবির অধুনিক আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি তাদের ডায়াগনস্টিক ল্যাবরেটরি সার্ভিসের পরিধি আরও সম্প্রসারণ করেছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে একটি অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার।

নতুন এই সেন্টারের মাধ্যমে এখন থেকে আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এক্স-রে সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক, সিনিয়র লিডারশিপ টিমের সদস্যসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির বলেন, দীর্ঘদিন ধরেই সেবাগ্রহীতারা ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি ইমেজিং ও স্ক্রিনিং সেবা সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন। সেই চাহিদার কথা বিবেচনায় রেখে একই ছাদের নিচে আধুনিক এসব সেবা চালু করা হয়েছে, যাতে রোগীরা সহজে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে পারেন।

তিনি জানান, নতুন সেন্টারে অত্যাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির পাশাপাশি আইসিডিডিআর,বির অভিজ্ঞ চিকিৎসক ও রেডিওলজিস্টরা সেবা প্রদান করবেন। এর ফলে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসা পরিকল্পনা গ্রহণেও ইতিবাচক ভূমিকা রাখবে এই সেবা।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, নতুন এই সেন্টারের উদ্বোধন প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক ল্যাবরেটরি সার্ভিসের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আমাদের সেবাগ্রহীতারা জেনে আনন্দিত হবেন যে, তারা যে পরীক্ষাগুলো করান, সেখান থেকে অর্জিত সঞ্চয়ের অর্থ দিয়ে ঢাকা, মতলব ও টেকনাফে পরিচালিত আইসিডিডিআর,বির হাসপাতালগুলোতে প্রতিবছর তিন লাখের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য মানসম্মত ডায়াগনস্টিক, ইমেজিং ও স্ক্রিনিং সেবা আরও সহজলভ্য হবে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা

সাস্থ্য সেবায় আইসিডিডিআরবির অধুনিক আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার চালু | স্বাস্থ্য কথা