স্বাস্থ্য অধিদপ্তরে ডা. নুরুল ইসলাম হাসপাতাল ও ক্লিনিকে নতুন পরিচালক

ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে পরিবর্তন এনেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে দায়িত্ব দেওয়া হয়েছে ওএসডি (উপপরিচালক) ডা. মো. নুরুল ইসলামকে। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করে নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকেই তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।
ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ২০২৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত বছর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক বিবৃতিতে ডা. মঈনুল আহসানকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাকে অপসারণের দাবি জানিয়েছিল। নতুন পরিচালক ডা. মো. নুরুল ইসলাম ওএসডি হওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/সু.পা



