পে-স্কেলে মূল বেতন বাড়লেও বাড়ছে না যেসব ভাতা

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর আলোচনা চললেও আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ।
গত ৩০ জুনে কার্যকর থাকা হারেই এসব ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে অর্থ বিভাগ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
নতুন বেতনস্কেল সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন বাড়লেই সমপরিমাণ হারে মোট বেতন বাড়বে না।
কারণ, মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।
অর্থ বিভাগের নতুন নির্দেশনার ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার আগের মতোই থাকছে। ফলে কর্মচারীদের মোট বেতন বৃদ্ধির পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে তাদের।
এদিকে নতুন বেতনকাঠামো কার্যকর হলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বর্ধিত বেতন পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, নতুন বেতনকাঠামোর অর্থনৈতিক প্রভাব বুঝতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।
ভোরের আকাশ/জেআ