১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তা জমা দিতে পারেনি। এ অবস্থায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তী প্রতিবেদনের জন্য আগামী ২০ আগস্ট তারিখ ধার্য করেন। এই নিয়ে ১৮ বারের মতো সময় পেল তদন্তকারী কর্মকর্তা।
মামলার বরাতে জানা যায়, অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরিফ ওসমান হাদি। গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর মারা যান তিনি। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপ নেয়।
গত ৬ জানুয়ারি মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর ১৫ জানুয়ারি বাদী ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। এরপর থেকে ১৮ বার তারিখ পেছালেও এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি।
ভোরের আকাশ/এম