আমু-দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও ডা. দীপু মনিসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতার বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যক্রম শুরুর পথ খুলল ট্রাইব্যুনালের এ আদেশের মধ্য দিয়ে।
একই সঙ্গে এই মামলায় কারাগারে বন্দি ছয় আসামিকে আগামী ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেন।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।
অভিযুক্ত সাতজন হলেন- আওয়ামী লীগের আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, ডা. দীপু মনি, মির্জা আজম, মুহাম্মদ ফারুক খান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এই আসামিদের মধ্যে মির্জা আজম বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
ভোরের আকাশ/জেআ